বদলগাছী-নওগাঁ সড়ক খানাখন্দে বেহাল

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৬

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

খানাখন্দে বেহাল হয়ে পড়েছে নওগাঁ-বদলগাছী সড়ক। পিচ-খোয়া উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে ট্রাক, বাস দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। বাসচালক আলামিন বলেন, বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে অনেক সময় গাড়ি আটকে যায়। ট্রাকচালক রশিদুল ইসলাম বলেন, অনেক সময় লোড গাড়ির পাতি ভেঙে যায়। কখনো কখনো গাড়ি উলটে পড়ে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার প্রয়োজন। নওগাঁ সওজের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।