বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
শ্রেণিশত্রু খতম ও বাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে বাগমারায় মাথা চাড়া দিতে যাচ্ছে নিষিদ্ধঘোষিত সংগঠন চরমপন্থি সর্বহারার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্যরা। পোস্টার সাঁটানোর মাধ্যমে আবারও তারা বাগমারায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এলাকার অনেকেই ভয়ে মুখ খুলছেন না। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এমন ধরনের কর্মকাণ্ড করতে পারে বলে এলাকার অনেকেই মনে করছেন। মাথা চাড়া দেওয়ার আগেই তাদের শক্ত হাতে নির্মুল করতে এলাকার লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তত্পর রয়েছেন বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ। জানা যায়, গত ১৫ ও ২০ আগস্ট দুই রাতের কোনো এক সময়ে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের একতারা বাজারের বিভিন্ন দোকানের দেওয়ালে পোস্টারগুলো সাঁটান নিষিদ্ধঘোষিত চরমপন্থি দলের সদস্যরা। সকালে লোকজন বাজারে আসলে তারা চরমপন্থির সাঁটানো পোস্টারগুলো দেখতে পান। দেওয়াল ছাড়াও দড়ির সঙ্গে পোস্টারগুলো ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন এলাকায়। সকালে পোস্টারগুলো দেখার পর থেকেই এলাকার মধ্যে আবারও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। পোস্টার সাঁটানোর পর থেকেই এলাকার জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চরম উত্কণ্ঠা লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টার সাঁটানোর বিষয়ে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তত্পর রয়েছে। তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।
