নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রাম থেকে প্রবাসী রিপন মিয়ার স্ত্রীর শরিফা আক্তারের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শরিফা আক্তার কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফা আক্তার প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে সাদিয়া ঘুম থেকে জেগে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়। পরে তার চিত্কারে আশপাশের লোকজন এসে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহের সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যদের খবর দেয়। পুলিশ লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টির তদন্ত করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।