চাটমোহর (পাবনা) সংবাদদাতা
নিখোঁজের দুই দিন পর চাটমোহরের বিলপাড় থেকে সিএনজি অটোরিকশা চালক এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র ইমন হাসান চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। সে সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। ইমন হাসানের বাবা জাকির হোসেন ও নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান, গত বুধবার সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল সড়কের মান্নাননগর থেকে চার জন যাত্রী চাটমোহরে যাওয়ার উদ্দশে সিএনজি ভাড়া করে রওনা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় সাধারণ ডায়ারি করা হয়। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন ইমনের স্বজনরা। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ইমনকে হাত-পা বেঁধে হত্যা করে পানিতে ফেলে দিয়ে সিএনজি নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতভর অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সিএনজি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
