অস্বাভাবিকভাবে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসছে। সেইসঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত। ফলে দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এরই মধ্যে তলিয়ে গেছে শত শত গ্রাম। উত্তরে কিছু কিছু পয়েন্টে নদ-নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যমুনা ও পদ্মার পানি দ্রুতই বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে মেঘনা অববাহিকায়ও। দেশের উত্তর-পূর্বাঞ্চলের মুহুরী, খোয়াই ও কংস নদের পানি বিপত্সীমার ওপরে রয়েছে। বর্ষার শুরুতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চৌহালীর উপজেলার দক্ষিণাঞ্চলের নদী তীরবর্তী অনেক এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এই করোনাকালে বন্যার প্রকোপ বাড়লে মানুষের দুর্ভোগের সীমা-পরিসীমা থাকবে না। তাই দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি বুঝে সেখানকার গরিব-অসহায়দের মাঝে ত্রাণ দিন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
মো. হুসাইন আহমদ
শিক্ষার্থী, দারুস-সুন্নাহ মাদরাসা, টাঙ্গাইল
