ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার পর ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় লাইসেন্স নবায়ন করা হবে না। পাশাপাশি বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ড দুর্ঘটনাকবলিত এমিকন ভবনের সব ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার অগ্নিদুর্ঘটনাকবলিত ভবনটি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গেই সঙ্গেই আমার নির্দেশনা মোতাবেক ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিত্সাসেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে মেডিক্যাল টিমও প্রস্তুত রাখা হয়। এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানির গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে কাজে অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
