সাভারে খর্বাকৃতির গরু রানীর মারা যাওয়ার খবরটি সঠিক

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

খাদ্যে বিষক্রিয়ায় বাংলাদেশের সবচেয়ে খর্বাকৃতির গরু রানীর মারা যাওয়ার খবরটি সঠিক ছিল। হঠাত্ অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে রানী চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। উল্লেখ্য, বৃহস্পতিবার গরুটি মারা যাওয়ার পর প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ফার্মের মালিক মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছিল।  

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বলেন, সাভারের চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক খামারের ছোট গরু রানী হঠাত্ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে এখানে আনা হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি গরুটিকে প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে সুস্থ করার জন্য। হঠাত্ পেট ফুলে যাওয়ায় গরুটিকে বাঁচানো সম্ভব হয়নি। রানী মারা যাওয়ার পর শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক তাকে নিয়ে যায়। 

শিকড় এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান বলেন, বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে রেকর্ড গড়তে রানীর আর মাত্র দেড় মাস বাকি ছিল।