স্পোর্টস ডেস্ক
এই বার্নলির কাছে ঘরের মাঠে গত জানুয়ারিতে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। শেষ হয়েছিল অ্যানফিল্ডে ৬৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। তবে এবার আর পা হড়কায়নি অলরেডরা। চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে সহজ এক জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।
প্রায় ১৭ মাস পর অ্যানফিল্ড ফিরে পায় তার চিরচেনা রূপ। ভক্তদের আনাগোনায় কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। তাদের প্রত্যাবর্তনকে জয় দিয়েই স্মরণীয় করে রাখল লিভারপুল। যদিও শুরুতে কিছুটা মন্থর ছিল তারা; কিন্তু ১৮ মিনিটে দিয়োগো জটার গোলের পর ফিরে পায় ছন্দ। আট মিনিট পর জাল খুঁজে নেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও; কিন্তু ভিএআরে ধরা পড়ে গোলের আগে অফসাইডে ছিলেন তিনি। এই অফসাইডের কারণেই বাতিল হয় বিরতির পর বার্নলির সমতাসূচক গোলটিও। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুলের জয়ের পথ সহজ করে দেন সাদিও মানে।
