স্কোয়াড ঘোষণার সময় ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছিলেন কলিন ডি গ্যান্ডহোম ও ফিন অ্যালেন। তাই ফের নিউজিল্যান্ড না গিয়ে মূল দল আসার চার দিন আগেই ঢাকায় চলে আসেন তারা। গত শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে টিম হোটেলে কোয়ারেন্টাইনে আছেন এই দুই জন।
আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের একজনও নেই এই সিরিজে। ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামার সুযোগ পাবে কিউইরা। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুরে সিরিজের সবকটি খেলাই শুরু হবে, বিকাল ৪টায়।
