স্পোর্টস রিপোর্টার
গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের পর শেখ জামালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকে পিটিয়েছেন। শেখ জামালের পাঁচ-ছয় জন ফুটবলার ভিআইপি গেটের ড্রেসিং রুমের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন। পিরিস্থিত এত খারাপ হয়েছিল যে, ব্রাদার্সের ইরানি কোচ রেজা পারকাস নিজে গিয়ে মারামারি ছাড়াতে পারেননি। এক সমর্থককে মারতে মারতে নিচে নামিয়ে আনতে দেখা যায়।
শেখ জামালের ফুটবলাররা যখন মারামারিতে জড়িয়ে পড়েন সেসময় পুলিশ ছিল না। পুলিশকে এগিয়ে আসতে দেখা যায়নি। শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ক্ষতি হয়েছে শেখ জামালের। ম্যাচ চলাকালীনও শেখ জামালের খেলোয়াড়দের উত্তেজিত দেখা যায়। ফ্রি-কিক করার জন্য শেখ জামাল বল বসিয়েছে। বলের কয়েক হাত দূরে ব্রাদার্সের নাইম। হঠাত্ দূর থেকে শেখ জামালের শাকিল দৌড়ে এসে ধাক্কা দেন ব্রাদার্সের খেলোয়াড় নাইমকে। নাইম মাটিতে পড়ে গেলে রেজা এসে মাটিতে শোয়া নাইমকে মারতে শুরু করেন। এই নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়।
