সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এর সঙ্গে সাক্ষাত্ করেন। উভয়ের সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, তুরস্ক এবং বাংলাদেশ তথা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তার এই সফরের পরে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষ্যে তুরস্কে তার সরকারি সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি তাকে এবং তার প্রতিনিধি দলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী, উভয়কেই ধন্যবাদ জ্ঞাপন করেন।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনা সদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে সব সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির আশ্বাস দেন যে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে চলমান সব বিষয় তিনি খতিয়ে দেখবেন। —আইএসপিআর
