রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আবাসন প্রকল্প পূর্বাচল শীতলক্ষ্যা সিটির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভক্তবাড়িস্থ আঞ্চলিক অফিসে গতকাল ২১ শে আগস্ট শনিবার সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত ৪০/৫০ সদস্যের একদল সন্ত্রাসী মোটরসাইকেলের বহর নিয়ে পূর্বাচল সিটির আঞ্চলিক অফিসে হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল, ছেন, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা অফিসের কম্পিউটার, আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এক পর্যায়ে অফিসের লোক জনের ডাক-চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। হামলায় আহত অফিসের কর্মচারী মনির মিয়া (২২) ও সুমন মিয়াকে (১৯) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পূর্বাচল শীতলক্ষ্যা সিটির আঞ্চলিক অফিসের ম্যানেজার সুমন মিয়া বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
