ফেনী প্রতিনিধি
ফেনীতে সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। গত বৃহস্পতিবার মধ্যরাতে শহরের নাজির রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সন্তানদের নিয়ে স্ত্রী পালিয়ে গেছেন। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়।
সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী শিউলি। যাওয়ার সময় বাসার দারোয়ানকে বলে যান শিউলির বাবা মারা গেছেন। ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার সাত বছরের ছেলে ও চার বছরের একটি কন্যা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন।
