শিবগঞ্জে বিদুত্স্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২২:০৯

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে পৃথক দুটি বিদুত্স্পৃষ্টের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার  দিকে দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার ও  চককির্ত্তী ইউনিয়নের  দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুরের ফুলদিয়ার এলাকার মৃত  সাবুদ্দীনের ছেলে শিমুল (২৫), তার চাচি সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) এবং চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকার আবদুল মজিদের ছেলে আবদুল মালেক (২৬)।

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামো জগন্নাথপুরের ফুলদিয়ার পদ্মা নদীর ঘাট থেকে নৌকায় করে চিকিত্সার জন্য দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম। এ সময় নদীতে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় পল্লী বিদ্যুত্ সমিতির বৈদ্যুতিক তারে মাথা আটকে সামনুর বেগমের মৃত্যু হয়। এ সময় পানিতে ছিটকে পড়ে বিদুত্স্পৃষ্টে শিমুলের মৃত্যু  হয়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, নৌকাযোগে ভাতিজার সঙ্গে চিকিত্সার জন্য দাদনচক যাচ্ছিলেন তারা। দুর্ঘটনার সংবাদ পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এবং থানা পুলিশ স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

অপরদিকে উপজেলার দুবলিভান্ডার এলাকায় বিদ্যুত্সপৃষ্ট হয়ে আবদুল মালেক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। চককির্ত্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখেরুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে কাজ করছিলেন আবদুল মালেক।  বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, নৌ-দুর্ঘটনার খবর পেয়ে দ্রতই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়।