উন্নত চিকিত্সার জন্য বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে। এরপর তাকে নেওয়া হয় জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালে। তার চিকিত্সায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক জামাল উদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। গতকাল শনিবার সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারজয়ী ৮২ বছর বয়সি এই কথাসাহিত্যিক বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। বর্তমানে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। পাশাপাশি তার শরীরে ‘ইলেকট্রোলাইট ইমব্যালেন্স’ হওয়ায় নানা জটিলতা দেখা দিয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাঙ্ক্ষীরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় আনা হলো। জুম মিটিংয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অংশ নেন।
গত ১৬ আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে হাসান আজিজুল হকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমতিয়াজ হাসান জানান, গত এক মাস ধরে তার বাবা অসুস্থ। তবে করোনা সংক্রমণের ঝুঁকির কথা চিন্তা করে তাকে এতদিন হাসপাতালে নেওয়া হয়নি। বাড়িতেই কয়েকজন চিকিত্সকের সমন্বয়ে চিকিত্সা চলেছে।
