৫০ দিন পর দেশে করোনায় দৈনিক মৃত্যু ১৩০-এর নিচে নেমে এসেছে। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০ জন। এর আগে গত ২ জুলাই সারা দেশে ১৩২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত দুই দিনে করোনা ভাইরাসে ৯ হাজার ৯৮৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে গতকাল ৩ হাজার ৯৯১ জন এবং আগের দিন শুক্রবার ৫ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হন। গত দুই দিনে করোনায় মারা গেছেন ২৬৫ জন। এরমধ্যে গতকাল ১২০ জন এবং শুক্রবার ১৪৫ জন করোনায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট ২৪ হাজার ১৪৩ জন মৃত্যুবরণ করলেন। একই সময়ে নতুন শনাক্ত হওয়া ৩ হাজার ৯৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৪৯৩টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৮২ হাজার ৪৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৩৬৯টি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৩ শতাংশ।
দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭৬ হাজার ৬৩০, যা এক সপ্তাহ আগেও ১ লাখের বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে এক জনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় মৃত ১২০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম ২৭ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১৫ জন, বরিশাল তিন জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাত জন এবং ময়মনসিংহ বিভাগে ছয় জনের মৃত্যু হয়।
