স্থাপনাশিল্পে রক্তাক্ত একুশে আগস্ট

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২২:৩৩

মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য স্যান্ডেল, রক্তমাখা জামা, লাল রক্তে ভেসে গেছে চারপাশ। এক দিকে রক্তমাখা কাপড়, জুতার পাটির স্তূপ। অডিওতে ভেসে আসছে শেখ হাসিনার ভাষণ আর তারপর গ্রেনেডের বিকট শব্দ— ছুটে আসা অ্যাম্বুলেন্স, প্রাণ বাঁচাতে ছুটে চলা মানুষের আর্তনাদ আর স্বেচ্ছাসেবকদের আহাজারি। অপরদিকে, আইভি রহমানের নিথর দেহ। শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গণ যেন হয়ে উঠল ২০০৪ সালের ২১ আগস্টের সেই বিকাল বেলা। সেই নারকীয় হত্যাযজ্ঞ ফিরে এলো উপস্থিত দর্শকদের হূদয়ে। গতকাল শনিবার শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির নন্দনমঞ্চ সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে তিন দিনের ‘আগস্ট রিপিটেড অ্যাটেম্টস’ শীর্ষক স্থাপনা শিল্প প্র্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় স্থাপনা শিল্পের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী অভিজিত্ চৌধুরী। এই স্থাপনা শিল্প প্রদর্শনীতে উঠে এসেছে ভয়াল হত্যাযজ্ঞের নির্মম চিত্র। উঠে এসেছে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ‘ঘৃণ্য প্রয়াসের’      বাস্তব চিত্র। একই সঙ্গে প্রহসনের বিচার সেই ‘জজ মিয়া’ নাটকও উঠে এসেছে এই স্থাপনা শিল্পে।

বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালে ২১ আগস্ট আইভি রহমানসহ ২৪ জন মানুষকে হত্যা এবং শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টার মধ্য দিয়ে একটি দৃষ্টিভঙ্গি, একটি স্বপ্ন ও বিশ্বাসকে হত্যা করবার ঘৃণিত প্রয়াস চালানো হয়েছিল। গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের লাশের সারি, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে মানুষের আহাজারি-নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষ্য তুলে ধরা হয়েছে স্থাপনা শিল্পের মধ্য দিয়ে।

একুশে আগস্টের সেই ভয়াবহতা চোখের সামনে উঠে এলো এক নিমিষে। লাশ, রক্ত, ভয়াবহতা সব একসঙ্গে এসে আঘাত করে মনে, মগজে।

বিভীষিকাময় সেই ২১ আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১৬ সাল থেকে প্রতি বছর স্থাপনা শিল্পের আয়োজন করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত প্রদর্শনীর কিউরেটর শিল্পী অভিজিত্ চৌধুরী ও অংশগ্রহণকারী শিল্পী সুজন মাহাবুব, সাদিয়া বৃষ্টি, সবুজ, আমরিন প্রমি, রনি, অনুরাধা, সাগর, মংসেন, হুমায়রা নীড়, অনিক, বিশাল, মুন জেরীন, জোবায়ের ও অর্নব।

গতকাল শনিবার বিকালে একাডেমি প্রাঙ্গণে স্থাপনাশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং স্থাপনাশিল্প প্রদর্শনীর কিউরেটর শিল্পী অভিজিত্ চৌধুরী।

প্রদর্শনী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।