২১ আগস্টের গ্রেনেড হামলার আগের দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন বলে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেওয়া বক্তব্যকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। সেটা হল ঢাকার সাবেক মেয়র হানিফের ছেলে সাবেক মেয়র সাঈদ খোকন শুক্রবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হামলার আগের দিন তার বাবা হানিফ তাকে আগেই বলেছিলেন যে, শেখ হাসিনার ওপর হামলা হতে পারে এই তথ্যটা তাকে জানাও। তিনি বলেন, সাঈদ খোকন ঘটনার আগের দিন তাদের নেত্রীকে জানিয়েছেন যে, আপনার বাসায় বা যাতায়াত পথে আক্রমণ হতে পারে। কিন্তু এই বিষয়টা শেখ হাসিনা কোনো আমলে নেন নাই। এটা আমাদের কাছে প্রশ্ন দেখা দিয়েছে—কেন এই বিষয়টা তিনি (শেখ হাসিনা) গুরুত্ব দিলেন না?
শুক্রবার ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা, স্মৃতির পাতা থেকে জানা অজানা দুটি কথা’ শীর্ষক আলোচনাসভায় সাঈদ খোকন বলেছিলেন, ‘বাবা আমাকে সুধা সদনে পাঠিয়েছিলেন। নেত্রীকে হামলার পূর্বাভাস দিতে। আমি সুধা সদনে গিয়ে বলি যে, নেত্রীর সঙ্গে দেখা করব। নেত্রী তখন সাংগঠনিক সফর শেষে বিশ্রামে ছিলেন। নেত্রী আমাকে ডেকে নেন দোতলায়। তখন আমি বলি, বাবা আমাকে বলেছে আপনাকে জানাতে। আমার সঙ্গে আমাদের বাসায় চলেন। এখানে নিরাপদ নন আপনি। বাবা আপনাকে যেতে বলেছেন।’
