পিয়াসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২২:৩৯

মাদক মামলায় গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে সিআইডি তাকে আদালতে হাজির করে। জবানবন্দি দেওয়ার পর পিয়াসাকে কারাগারে পাঠায় আদালত।

আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, উজি পিস্তল হাতে নিয়ে তিনি যে ছবি তুলেছিলেন, সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মনির ওরফে ইনডেক্স মনির। বছর দুয়েক আগে মনিরের অফিসে তিনি গিয়েছিলেন। তখন মনিরের কাছে থাকা উজি পিস্তলটি তিনি হাতে তুলে নিয়ে পোজ দেন। ঐ সময় তার মোবাইল ফোন দিয়ে মনির ছবিটি তুলে দেন। পরে অস্ত্র হাতে সেই ছবিটি তিনি ফেসবুকে আপ করেন। এরপর ছবিটি ভাইরাল হয়ে যায়। তবে উজি পিস্তলটি লাইসেন্সকৃত নাকি অবৈধ—তা তিনি জানেন না। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে তার সিন্ডিকেটে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম তিনি উল্লেখ করেছেন। এছাড়া গরুর পেটে হীরা পাচার, দুবাইয়ে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।