ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফান্ডিং ফাউন্ডেশনের (ইডাফ) নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়; ইডাফের নাম ও লোগো ব্যবহার করছে তারা। তবে ইডাফের ভুয়া নামকরণ করা হয়েছে—ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাকটিভ ফাউন্ডেশন। এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে, যার নং-১২৩১, তাং ২০/০৮/২০২১। তাদের এসব অপকর্ম রোধ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইডাফ নির্বাহী পরিষদ। গতকাল শনিবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইডাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইডাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারি, নিরপেক্ষ, আর্থসামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারী-পুরুষের সম-অধিকার, মানবাধিকার সুরক্ষা, আবাসন সহায়ক, পরিবেশ সুরক্ষা, ভিক্ষুক পুনর্বাসন, বয়স্ক পরিচর্যাকেন্দ্র, তৃতীয় লিঙ্গ (হিজড়া), মাদকাসক্ত পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান।
