ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আধাকেজি মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ক্রিস্টাল মেথ এবং ৫ হাজার ইয়াবাসহ ১০ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন নারীও রয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন রুবায়াত, রোহিত হোসেন, মাসুম হান্নান, আমানুল্লাহ, মোহাইমিনুল ইসলাম ইভান, মুসা উইল বাবর, সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান, লায়লা আফরোজ প্রিয়া, তানজিম আলী শাহ এবং হাসিবুল ইসলাম।
গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান বলেন, এরা মাদক ব্যবসার একটি বড় সিন্ডিকেট। অভিজাত এলাকায় তাদের বিচরণ। প্রত্যেকেই উচ্চবিত্ত ঘরের সন্তান অথবা ব্যবসায়ী। গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত বনশ্রী, বারিধারা এবং উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, এক মাস আগে একটি মোবাইল নম্বর নিয়ে কাজ করতে গিয়ে এই সিন্ডিকেটের সন্ধান মেলে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ কৌতূহল থেকে আইস নামের মাদক সেবন করতে গিয়ে ব্যবসায় জড়িয়ে পড়েন। যাদের গ্রেফতার করা হয়েছে তারা এক গ্রাম আইস ১০ থেকে ১২ হাজার টাকায় কেনাবেচা করত। মাদকদ্রব্য অধিদপ্তরের কেমিস্ট শফিকুল ইসলাম সরকার জানান, ইয়াবার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী ক্রিস্টাল মেথ বা আইস। ৫০০ গ্রাম আইস দিয়ে ১ লাখ ইয়াবা তৈরি করা সম্ভব জানিয়ে তিনি বলেন, এখন মাদক ব্যবসায়ীরা ইয়াবার চেয়ে আইস নিয়ে আসছে। এটি বহন যেমন সহজ, তেমনি আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবারের সদস্যদের ফাঁকি দেওয়া সম্ভব।
