তাড়াহুড়া করে আফগানিস্তান থেকে মার্কিনীদের আনার চেষ্টা প্রাণহানির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এয়ারলিফটিং করে কাবুল থেকে মার্কিন জনগণকে দেশটি থেকে ফিরিয়ে আনা ততটা ঝুকিপূর্ণ হতে পারে যতটা সেখানে তালেবানবেষ্ঠিত অবস্থায় থাকলেও হতে পারে। তবে সব মার্কিনীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । শুক্রবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাইডেন জানান, শুক্রবার পর্যন্ত এয়ারলিফটিং ব্যবস্থায় ১৩ হাজার লোককে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। এটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ বলে তিনি মন্তব্য করেন। বাইডেন বলেন, আমি কথা দিচ্ছি যে সব মার্কিনী আফগানিস্তান থেকে ফিরে আসতে চান, তারা অবশ্যই ফিরে আসবেন। এছাড়া মিত্র দেশগুলোর ৬৫ হাজার সেনা ও অন্যান্য কর্মকর্তাদেরকেও ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি। বাইডেন বলেন, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের নিরাপত্তা দেখাও যুক্তরাষ্ট্রের দায়িত্ব।
