সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৩:০৭

সিরাজগঞ্জের তাড়াশে এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। শনিবার (২১ আগস্ট) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন ৯নং ব্রিজের উপর মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার দূর্গাপর থানার বর্ধনপুর এলাকার মৃত জব্বার মোল্লার ছেলে মো. আলতাফ মোল্লা (৪০) ও আব্দুস সোবহান মন্ডলের ছেলে মো. জয়নাল (৩৬)। 

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন ৯নং ব্রিজের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ৭০ গ্রাম হেরোইনসহ আলতাব ও জয়নালকে আটক করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুইটি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি