খুলনা বিভাগে এক দিনে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:১৫

খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩২ জনের। রবিবার (২২ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু ও একই সময়ে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, শনিবার বেলা ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও যশোরে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুইজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯১৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯২ হাজার ১৭০ জন।

ইত্তেফাক/এএএম