তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসের গৌরীপুর-হোমনা সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় বেহাল হয়ে পড়েছে। এ সড়কে তিতাস, হোমনা, মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুরের লোকজন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু সড়কের এ করুণ অবস্থার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায়ই এ সড়কে পরিবহন উলটে গিয়ে প্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্যসামগ্রীর।
সরেজমিনে দেখা গেছে, গৌরীপুর-হোমনা সড়কের কেশবপুর সংযোগ সড়ক থেকে বাতাকান্দি শান্তির রোড পর্যন্ত এবং কড়িকান্দি বাজারের উত্তর পাশের ব্রিজের পরের অংশ দুটির খুবই করুণ অবস্থা। যার মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে কড়িকান্দি বাজারসংলগ্ন অংশটি। এ অংশটি এতই খারাপ যে, এখানে দুই পাশের গাড়ি এসে থেমে যায়। যার ফলে প্রায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বিশেষ করে বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। এসব গর্ত দিয়ে যখন অটোরিকশা যাতায়াত করে তখন প্রায়ই উলটে যায়। প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে।
উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। দুই-এক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের গৌরীপুর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন সাকিল জানান, গৌরীপুর-হোমনা সড়কের বৃহত্তর সংস্কার কাজের জন্য বর্তমান অর্থবছরে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে চলমান সংস্কার কাজের আওতায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো সাময়িকভাবে মেরামত করা হবে।
