অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সাঁথিয়ায় কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৭

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও পাবনা-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেছে সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ঐ কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। তারা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের বনগ্রাম উপস্থিত হয়। সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। কলেজের শিক্ষার্থী সাওন হোসেন, আকিব হোসেন, তুহিনসহ অনেকেই জানান, কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের নির্দেশে আমাদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ২৪ মাসের বেতন, সেশন ফি ও অ্যাসাইনমেন্ট ফি গ্রহণ করা হচ্ছে। সংবাদ পেয়ে সাঁথিয়া ও আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। শিক্ষার্থীদের চাপের মুখে কর্তৃপক্ষ ১২ মাসের বেতন মওকুফ করে দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।

এ বিষয়ে মিয়াপুর হাজী জসিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, সরকারকর্তৃক নির্দেশে আমরা ২৪ মাসের বেতন চেয়েছি। এখানে অতিরিক্ত কিছু নেওয়া হচ্ছে না। কলেজের সভাপতি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, শিক্ষার্থীদের ১২ মাসের বেতন মওকুফ করা হয়েছে।