খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৭

খুলনা অফিস

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী পরিমল বাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পরিমল বাইন পলাতক রয়েছেন।

আদালত সূত্র ও পুলিশ জানায়, ২০১৬ সালের ১৬ এপ্রিল খুলনার দিঘলিয়া থানা এলাকার পদ্মবিলা ও বামনডাঙ্গা বিলের মধ্যে আত্রাই নদীর সংযোগস্থল থেকে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর সিআইডি মামলার তদন্ত করে মৃত নারীর স্বামী পরিমল বাইন ও টিপু শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল বাইন তার স্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে।