সুন্দরবনে মাছ ধরার সময় চার ভারতীয় জেলে আটক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৮

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সুন্দরবনে পাগড়াতলী খালে মাছ ধরার সময় চার ভারতীয় জেলেকে আটক করেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি বন স্টেশন অফিসের সদস্যরা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুষ্পকাটি বন স্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলামের নেতৃত্বে সদস্যরা গহিন সুন্দরবনে ভারত সীমান্তবর্তী পাগড়াতলী খালে মাছ ধরার সময় তাদের আটক করে। এ সময়ে একটি ট্রলার, চারটি জাল ও ৫০ কেজি মাছ জব্দ করে বন অফিস। আটক চার জেলে হলো বিকাশ মন্ডল এবং শিকদার কৃষ্ণ, অলোক সরদার এবং গুরুদর সরদার।

পুষ্পকাটি বন স্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলাম বলেন, অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জেলেরা অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশ সীমান্তে মাছ ধরার সময় মালামালসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।