চাটমোহর (পাবনা) সংবাদদাতা
বিগত দুই বছর ধরে দাম বেশি থাকায় পাট চাষে আগ্রহ বেড়েছে। হারিয়ে যাওয়া পাটের ঐতিহ্য ফিরে পেয়েছেন চাটমোহরের চাষিরা। রবিবার সকালে গিয়ে দেখা গেল, উপজেলার সর্ববৃহত্ অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে পাট কেনা-বেচার ধুম পড়েছে। চাটমোহর-পাবনা সড়কের বেশ কিছু অংশ দখল করে বসেছে পাটের হাট। সৃষ্টি হচ্ছে যানজটেরও। শুধু অমৃতকুন্ডা হাটই নয়, উপজেলার মূলগ্রাম, ছাইকোলা, শরত্গঞ্জ, পাচুরিয়া, কাটাখালী, বামনগ্রাম, মির্জাপুর হাটে প্রতি সপ্তাহে পাট বেচা-কেনা চলছে।
পার্শ্বডাঙ্গার পাটচাষি শামীম আহমেদ জানালেন, এখন পাটের বাজার ভালো। প্রতিমণ পাট মানভেদে ২ হাজার ৯০০ টাকা থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কাটাখালীর পাটচাষি আ. সামাদ জানালেন, বর্তমানে পাটচাষিরা দাম ভালো পেয়ে খুশি। পাটের ব্যাপারী আসাদুজ্জামান জানালেন, গত বছরও শুরু থেকে পাটের ভালো দাম ছিল। শুরুতে ২ হাজার ৫০০ টাকা মণ পাট কিনেছিলাম। বছরের শেষে সেই পাট কিনতে হয়েছিল ৬ হাজার টাকা মণ। এবছর শুরুতেই পাটের মণ ৩ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ জানিয়েছেন, চলতি বছর এ উপজেলার ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশি ১৩৫ হেক্টর, তোষা ৮ হাজার ৪৪৫ হেক্টর এবং মেসতা ১৪০ হেক্টর। গত বছর চাটমোহরে ৮ হাজার ১০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ হয়েছিল। গত বছরের চেয়ে এ বছর ৬২০ হেক্টর জমিতে পাট চাষ বেশি হয়েছে। পাটচাষিরা এবার লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।
