যশোর অফিস
যশোরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার বিকালে শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক কনস্টেবল আজম মোল্যা যশোর চাঁচড়া ফাঁড়িতে কর্মরত বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে। আর মোহাম্মদ মুজাহিদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা (বরখাস্ত) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। তাদের হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
