গোয়ালন্দে পদ্মার পানি বিপত্সীমার ওপরে

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৯

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মার দৌলতদিয়া পয়েন্টে সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলার উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বেড়ে তীরবর্তী উজানচর ইউনিয়নের চর কর্নেশন, দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, যদু মাতবরপাড়া, হাতেম মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ইদ্রিসপাড়া, মালতপাড়া, জয়দার মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ১ নম্বর বেপারীপাড়া, দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছী, মধু সরদারপাড়া, জলিল মুন্সির পাড়া ও কাউয়ালজানি গ্রাম এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে সাত সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।