রংপুরে ট্রাকবোঝাই মেয়াদোত্তীর্ণ আটাসহ আটক ২

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৪৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে ভেজাল-বিরোধী অভিযানে ট্রাক বোঝাই মেয়াদোত্তীর্ণ ১৩ হাজার ৪৮০ কেজি আটা জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ভেজাল আটা রাখার দায়ে রাশেদ মিয়া ও জিয়াউর রহমান নামে দুই জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান। মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ঐ আটা নতুন করে প্যাকেটজাতের মাধ্যমে বাজারে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর নগরের পার্বতীপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় পার্বতীপুর বউবাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক স্থানে আটার বস্তা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৪০ কেজি ওজনের ২৭২ বস্তা আটা এবং আলাদা ৬৫টি বস্তার প্রতিটিতে ২০ কেজি করে ওজনের প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত ১৩ হাজার ৪৮০ কেজি আটার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ এই আটার ট্রাকটি রংপুর থেকে অন্যত্র পাঠানো হচ্ছিল।

এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। তারা হলো, রাশেদ মিয়া ও জিয়াউর রহমান। পরে নিরাপদ খাদ্য আইনে ঐ দুই জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।