বরিশাল শেবাচিম ও সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা-সামগ্রী প্রদান
বরিশাল অফিস বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় চিকিত্সা-সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ও সদর হাসপাতালের আরএমও ডা. মলয় কৃষ্ণ বড়ালের কাছে ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির পক্ষ থেকে এ চিকিত্সা-সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি ইকবাল হোসেন তাপস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি মফিজুল ইসলাম নাসিমসহ সমিতির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিত্সা-সামগ্রী হিসেবে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৭০ পিস এনবিআর মাস্ক, ৭০ পিস অক্সিমিটার, দুইটি পানি বিশুদ্ধকরণ মেশিন ও ১ হাজার পিস পানি খাওয়ার গ্লাস প্রদান করা হয়।
সিরাজগঞ্জে এক কেজি হেরোইনসহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে এক কেজি হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন ৯ নম্বর ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী জেলার দুর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মো. আলতাফ মোল্লা ও মো. জয়নাল। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উত্তরণ আইডিআরটিতে রবিবার সকালে কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম।
ফ্রি অক্সিজেন-সেবা কার্যক্রম উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় রবিবার ফ্রি অক্সিজেন-সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার পৌর মার্কেট চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। চরমোনাইর খলিফা মাওলানা মো. আ. আউয়াল এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান
নাটোর প্রতিনিধি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত নাটোরের সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভা
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে রবিবার। বুড়িমারী সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমীন বাবুল।
মেলান্দহে প্রতিবাদ দিবস পালিত
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে ২২ আগস্ট গায়েবানা জানাজায় গুলিবর্ষণের প্রতিবাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শ্রমিক লীগ এর আয়োজন করে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে ২২ আগস্ট মেলান্দহে ছাত্রলীগ গায়েবনা জানাজার আয়োজন করে। ঐ সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। প্রতি বছর দিবসটি পালনে নানা আয়োজন করা হয়।
পুকুরে মাছের পোনা অবমুক্ত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জের বিভিন্ন এলাকার ২৩টি পুকুরে রবিবার দুপুরে ৫৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মত্স্য অধিদপ্তরের উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
০
