তানভীর তারেক
সিনেমা হল কবে খুলবে? কবে কনসার্টে মুখর হবে সারাদেশ, মঞ্চে আবারো নিয়মিত নাটক গড়াবে। কবে জেলায় জেলায় সাংস্কৃতক অনুষ্ঠানে মুখর হবে শহর? এসব প্রশ্নবানে গত প্রায় ২ বছর নানা দোলাচলে অনেক শিল্পী-কুশলীই বেকার জীবনে নতুন আয়ের পথ খুঁজছেন।
ইভেন্টের ক্ষেত্রে এদেশে দারুণভাবে ব্যস্ত হয়ে পড়েছিল একাধিক শিল্পী-কুশলী। একাধিক সিনেমার তারকাদের হাতে সিনেমা না থাকলেও বিভিন্ন কর্পোরেট ও জেলা পর্যায়ের অনুষ্ঠানে পারফর্ম করে আয়ের দারুণ এক মাধ্যম গড়ে ফেলেছিলেন। কিন্তু করোনা এমনভাবেই গ্রাস করে ফেলল, যে সেখান থেকে বেরুনোর পথ আর রইল না। সিনেমা হল বাণিজ্যেও শেষ পেরেকটা এদেশে ছিল এই করোনার আঘাত।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা যত যা-ই বলি না কেন, সিনেমা শিল্প সিনেমা হলের ওপরই নির্ভর করে। বাণিজ্যিক ছবি তাই সিনেমা হল ছাড়া ভাবা যায় না। তাই আমরা একটা সুসময়ের অপেক্ষায়। সেক্ষেত্রে সিনেপ্লেক্সগুলো খুলছে, এটা একটা আনন্দের ঘটনা।’
এদিকে সারাবছর একাধিক ইভেন্ট পরিচালনা করে থাকে চ্যানেল আই ও তাদের টিম। এ প্রতিষ্ঠানের অন্যতম বড় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। গেল বছর খুব সীমিত পরিসরে ছোট্ট অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হয়েছিল। এবারের পরিকল্পনা প্রসঙ্গে এর পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘এখন অবধি কোনোকিছুই চূড়ান্ত নয়। তবে আমাদের ইচ্ছে আছে, এবারে দেশের বাইরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বড় কোনো হলরুমে মিউজিক অ্যাওয়ার্ডটির আয়োজন করার। কারণ করোনা পরিস্থিতিতে সবচেয়ে আগে আমেরিকায় স্বাভাবিক জীবনযাপন শুরু হয়েছে। সেদিক দিয়ে আমি বলবো, সবকিছু ঠিক থাকলে দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলেই এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।’
দেশের সবচেয়ে বড় আয়োজনের টিভি অনুষ্ঠান ও রেকর্ড জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিত হানিফ সংকেতের ‘ইত্যাদি’। করোনাকালীন সেই অনুষ্ঠানটির সর্বশেষ পর্বে দর্শকশূন্য চেয়ার দিয়ে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন নির্মাতা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর স্টার সিনেপ্লেক্স আবারো সরব হয়েছে। এটা সবচেয়ে আনন্দের খবর। তারা আবারো হলিউডের বিখ্যাত ছবিগুলোর প্রদর্শনী শুরু করেছে। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্স এর ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকদের ভেতরে অভ্যস্ততা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত প্রায় ২ বছরে বিনোদনের নানা অনুসঙ্গ দর্শকরা নিয়েছে ভিন্ন ভিন্ন মাধ্যমে। পুরো লাইফস্টাইলটা বদলে গেছে সকলের। সেখান থেকে নতুনভাবে ফেরানোর ক্ষেত্রে আমরা নানা গবেষণা করছি।’
তবে একইসঙ্গে অধিকাংশ দর্শক, ঘরবন্দি একঘেঁয়ে বিনোদনেও বিরক্ত হয়েছে এতদিন। তারা মুখিয়ে আছে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য বা কনসার্টে গান শোনার জন্য।
এদেশে স্টেজ পারফর্মেন্সের ক্ষেত্রে গত ৫ বছর দেশ ও দেশের বাইরে দাপিয়ে বেড়িয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ব্যস্ততম এই শিল্পীও করোনায় ভুগেছে গোটা পরিবার। দীর্ঘ বাধ্য এই অবসরে রেকর্ডিংও তেমনটা করেননি। নিজের উদ্যোগে পোশাক প্রসাধনীর নতুন ব্র্যান্ড বাজারে ছেড়েছেন। তাই এই পরিবর্তনের ডামাডোলে সকলেই চাইছেন যে কোনোভাবে পুরনো ছন্দে ফিরতে। পুরনো অভ্যেসে যেতে। সেদিক থেকে ইভেন্ট কোম্পানিগুলোও চাইছেন নতুনভাবে সরব হতে।
বাংলা সিনেমার সবেধন নীলমনি শাকিব খানকে দেখা গেছে রেকর্ড অবসরে। তবু এর ভেতরে কলকাতার দর্শনাকে নিয়ে নতুন একটি ছবির শুটিং শেষ করেছেন। ছবিটির নাম ‘অন্তরাত্মা’। কিন্তু সেই সেটেও খোদ নায়িকা দর্শনা করোনা আক্রান্ত হন। সেই ছবির শুটিং শেষে ফিরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরেক প্রখ্যাত অভিনেতা। এসব নানা মন খারাপের খবর থেকে সকলেই বেরিয়ে আসতে চায়। সকলেই চায় আবারো মুখর হতে পুরনো কোরাসে।
