ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ ৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। গত ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম সভায় অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০২ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ০৯ টাকায়। এসএমই প্ল্যাটফরমে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে ইম্পেরিয়াল ক্যাপিটাল এবং সিটি ব্যাংক রিসোর্সেস।
