ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫ দশমিক ৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। বৃহস্পতিবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৯ টাকায়। গতকাল ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৯ দশমিক ৯৬ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৯ দশমিক ৯০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৮৯ শতাংশ, রিং শাইনের ৯ দশমিক ৮৪ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯ দশমিক ৮২ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৬ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৬৫ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ০২ শতাংশ এবং এক্সপ্রেস ইনসিওরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
