ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে একটি কালভার্টে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চার মাসেরও অধিক সময় ধরে এ সড়ক দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল ছাড়া অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাতে চলাচল করার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সানগাঁও, দৌগাছি, কুয়াটোল, বারঘরিয়া ও চৌরঙ্গীসহ আশপাশের ১০ গ্রামের হাজারো মানুষ। কালভার্টটি দ্রুত সংস্কার না করা হলে পুরো কালভার্ট ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সনগাঁও গ্রামে সাবেক ইউপি সদস্য আজিম উদ্দীনের বাড়ির সামনের সড়কে একটি কালভার্টের মধ্যখানে বড় গর্ত। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের পাশে লাল কাপড় টানিয়ে দিয়েছে। দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।
স্বেচ্ছাসেবী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু জানান, দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের পাশে লাল কাপড় টানিয়ে দিয়েছে। বাঁশ দিয়ে গর্তটি সংস্কার করলেও তা দুদিনের মাথায় ধসে পড়ে। কালভার্টটি দ্রুত সংস্কারের পদক্ষেপ না নিলে বড় কোনো দুর্ঘটনার শিকার হতে হবে স্থানীয়দের। বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
