চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম রবিবার বেলা ১১টায় হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীরা কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। পরে প্রায় ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে হাটের মধ্যেই আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলার ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা শরিফুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জানান, মত্স্য সম্পদ রক্ষায় হাটবাজার ও চলনবিল এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
