ঢাকা হতে বার্তা মালদ্বীপে, যে কোনো মূল্যে জিততে হবে
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপের গ্রুপ পর্বের খেলায় ভারতীয় দল মোহনবাগান দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে। ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে শীর্ষে। তাদের সামনে পরবর্তী রাউন্ডে উঠার হাতছানি। শক্তিশালী মোহনবাগান প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসি এবং দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়ে ৬ পয়েন্ট তুলে নিয়েছে। এখন স্বপ্ন বসুন্ধরা কিংসকে উড়িয়ে দাও। পরবর্তী রাউন্ডে জায়গা করে নাও। ফুরফুরে থাকা মোহনবাগানের এমন স্বপ্ন ভেঙে খান খান করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। যে কোনো মূল্যে মোহনবাগানের বাগান তছনছ করে দিয়ে বসুন্ধরা কিংস পরবর্তী রাউন্ডে উঠতে ছক তৈরি করছে। ঢাকা থেকেও বার্তা দেওয়া হয়েছে মালদ্বীপে, যেকোনো মূল্যে জিততে হবে। এক বিন্দু সুযোগ যেন না পায় প্রতিপক্ষ। দুই শিবিরে উত্তপ্ত পরিস্থিতি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস এবং মোহনবাগান মুখোমুখি হবে।
বসুন্ধরা কিংস প্রথম খেলায় মালদ্বীপের মাজিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হয়। এই ম্যাচ গোল শূন্য শেষ হয়। সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু বিদায় নেয় এএফসি কাপ হতে। বলা যায় তপু বর্মন, সুফিল, মাসুক মিয়া জনি, জিকোরা জিততে দেয়নি সুনীলদের। বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিয়েছে।
আগামীকাল কঠিন ম্যাচ। প্রতিপক্ষ মোহনবাগান, শক্তিশালী দল। সমীকরণ খুব সহজ। পরবর্তী রাউন্ডে যেতে হলে বসুন্ধরাকে জিততে হবে। কারণ দুই ম্যাচে এক জয় এবং এক ড্রয়ে ৪ পয়েন্ট বসুন্ধরার। মোহনবাগানের ৬। মোহনবাগান ড্র করলেই চলবে। বসুন্ধরার সামনে জয়ের বিকল্প নেই।
বসুন্ধরা কিংসের নীতি নির্ধারকরা ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে ম্যাচটা টিভির পর্দায় দেখেছেন। কোথায় দলের দুর্বলতা আছে সেগুলো নিয়েও তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। দেশের ফুটবলে এই মুহূর্তে বসুন্ধরা কিংস লড়াই করলেও খেলোয়াড়দের মনের মধ্যে আছে জাতীয় পতাকা। দলের ফুটবল কর্মকর্তারাও দেশাত্ববোধ নিয়ে খেলোয়াড়দের পেছনে জ্বালানি দিয়ে যাচ্ছেন। খেলোয়াড়দের চাঙ্গা রাখতে যোগাযোগ রাখা হচ্ছে। পরবর্তী রাউন্ডে উঠার হাতছানি বসুন্ধরাও দেখছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই মন্ত্রণা দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। এরই মধ্যে সলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ম্যাচ ভিডিও দেখিয়েছেন তার খেলোয়াড়দের। কোন জায়গাগুলো ফাঁকা ছিল, সবগুলো ছিদ্র বন্ধ করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে বসুন্ধরাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে মোহনবাগান ফুটবলাররা। ওরা বলছে দুটো দলকে হারিয়েছে আর একটা বাকি আছে। সেদিকে কান দিচ্ছেন না তপু, জনিরা। মাঠের খেলা নিয়ে মাথা ঘামাচ্ছেন।
বসুন্ধরা কিংস
২
মাজিয়া
০
বসুন্ধরা কিংস
০
ব্যাঙ্গালুরু
০
