মেসির অভাব টের পাচ্ছে বার্সা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:২৬

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে নিয়ে আলাদা এক ছক থাকত প্রতিপক্ষ কোচের। এখন মেসি নেই, তাই সেই সুবিধা থেকে একেবারেই বঞ্চিত বার্সেলোনা। যার অভাব লা লিগার দ্বিতীয় ম্যাচে খুব ভালোভাবেই টের পেয়েছেন কোচ রোনাল্ড কুম্যান। অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে  হারের শঙ্কায় থাকা তার দল শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ১-১ গোলে ড্রয়ের স্বাদ নিয়ে।

ম্যাচ শেষে কুম্যান বলেন, ‘এক বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না আমার, তবে আমরা কথা বলছি বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে। মেসি খেললে প্রতিপক্ষরা বেশি ভয়ে থাকে। এটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ মেসিকে বল দিলে সে তা হারায় না। আপনারা দেখেছেন, সে সেখানে ছিল না, কিন্তু এটা পরিবর্তন করতে পারব না আমরা।’

স্বাভাবিকভাবেই এমন ফল আশা করেনি বার্সেলোনা। তার ওপর আবার কাফ ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। সান মামস স্তেডিয়ামে খেলার ৩১ মিনিট না যেতেই তাকে হারায় বার্সা। তবে পিকে থাকতেও সফরকারীদের রক্ষণভাগকে নাজেহাল করে ছেড়েছেন বিলবাওর ইনাকি উইলিয়ামস। বিরতির আগে অবশ্য গোলহীন ছিল দুই দল।

তবে ৫০ মিনিটে ডেডলক ভাঙেন ইনিগো মার্তিনেজ। কর্নার থেকে আসা বলে হেড করে বিলবাওকে এগিয়ে নেন তিনি। গোল পেতে মরিয়া বার্সা সমতায় ফেরে ২৫ মিনিট পর। সের্হি রবার্তোর পাস থেকে রকেট গতির শটে জাল খুঁজে নেন মেমফিস ডিপাই।

ম্যাচের শুরুর মতো শেষটাও বাজেভাবে করে বার্সা। অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিজের দাদাকে হারানো এরিক গার্সিয়া।

এদিকে সিরি আয় শুরুটা দুর্দান্ত করেছে ইন্টার মিলান।

সানসিরোতে জেনোয়াকে ৪-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সিমোন ইনজাগির দল। যার ফলে ১৪ মিনিটেই মিলান স্ক্রিনিয়ার ও হাকান কালহানগুলোর গোলে ব্যবধান ২-০ করে ফেলে তারা। বিরতির পর বাকি দুটি গোল করেন আর্তুরো ভিদাল ও এডিন জেকো।