করোনায় বাতিল এনসিএলের চার রাউন্ড

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। করোনা ভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেটের অন্য টুর্নামেন্টগুলোর মতো এনসিএলও বাধাগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত ২০১৯-২০ মৌসুমের এনসিএলের চারটি রাউন্ড করোনার পেটে বিলীন হয়ে গেল। গত মার্চে শুরু হয়েছিল এনসিএল। করোনার প্রাদুর্ভাবে দুই রাউন্ড পরই স্থগিত হয়ে যায় লিগ।

তারপর আর আলোর মুখ দেখেনি এনসিএলের ঐ আসর। গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে জানা গেছে, ২০১৯-২০ মৌসুমের এনসিএলের চারটি রাউন্ড আর আয়োজন করা হবে না। দুই রাউন্ডেই শেষ ধরা হয়েছে আসরটি। নতুন করে ২০২০-২১ মৌসুমের এনসিএল শুরু হবে আগামী ১৫ অক্টোবর। গতকাল জানতে চাইলে বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম বলেছেন, ‘এনসিএল ১৫ অক্টোবর শুরু হবে নতুন করে। সবকিছুই নতুন আসরের মতো করে হবে। আগের আসর ওখানেই শেষ, সেটা আর হবে না।’ এবারও ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। ফিটনেস টেস্টে পাশ করলেই খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ইতোমধ্যে নিজ নিজ অবস্থানে থেকে এনসিএলকে টার্গেট করে ফিটনেসের কাজ শুরু করে দিয়েছেন অনেক ক্রিকেটার।

গত ২২ মার্চ মাঠে গড়িয়েছিল এনসিএল। করোনা সংক্রমণের কারণে বিভিন্ন দলের ক্রিকেটারও আক্রান্ত হয়েছিলেন। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর খেলা বন্ধ করা হয়। পরে সুরক্ষা বলয় তৈরি করে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হলেও এনসিএলের প্রতি দৃষ্টি দেয়নি বিসিবি। দুই রাউন্ড পর স্থগিত হয়ে যাওয়ায় ২০১৯-২০ মৌসুমের এনসিএলে কোনো অবনমন বা উন্নতির হিসেব থাকছে না। দুই স্তরে আটটি দলের অবস্থান আগের মতোই থাকছে। স্থগিত হওয়ার আগে দুই রাউন্ড শেষে প্রথম স্তরে ঢাকা বিভাগ শীর্ষে ছিল। খুলনা, রংপুর ও সিলেট বিভাগ ছিল পরের তিনটি স্থানে। দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো ছিল সবার উপরে। দ্বিতীয় স্তরের অপর তিনটি দল হলো চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ।