স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দল মালদ্বীপে সাফে খেলতে যাবে। সেখানে যাওয়ার আগে কিরগজিস্তানে ফুটবল প্রীতি ম্যাচ খেলবে ফুটবল দল। আগামী মঙ্গল কিংবা বুধবার জাতীয় দল ঘোষণা করা হবে। বসুন্ধরা কিংস এখন এএফসি কাপে খেলতে মালদ্বীপে রয়েছে। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ খেলা। বসুন্ধরা কিংসের যে কয়জন ফুটবলার জাতীয় দলে থাকবেন তারা মালদ্বীপ হতে সরাসরি কিরগিজস্তান চলে যাবেন। আর ঢাকায় যারা রয়েছেন তারা কয়েক দিন অনুশীলন করে কিরগিজস্তান যাবেন। বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে জানিয়েছেন, তিনি ৩০ আগস্ট কিরগিজস্তানে অনুশীলন শুরু করতে চান। সেভাবেই ফ্লাইট চূড়ান্ত করতে বলেছেন বাফুফেকে। ২৯ আগস্ট ফুটবল দলের একটা অংশ ঢাকা হতে রওনা দেবে। কিরগিজস্তানে যাওয়ার বিষয়ে গতকাল বাফুফে ভবনে কোচ জেমি কথা বলেছেন সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে।
কিরগিজস্তানে ৫, ৭ এবং ৯ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দুটি কিরগিজস্তানের বিপক্ষে একটি অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে। অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ ফুটবল দলের খেলা আছে এএফসি কাপে। সে কারণে কিরগিজস্তানে শেষ ম্যাচটি মূলত অনূর্ধ্ব-২৩ দলকে ঘিরেই প্রস্তুতি হবে।
