কাবাডিতে এখনই এশিয়ান গেমসের প্রস্তুতি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

আগামী এশিয়ান গেমস ২০২২ সালের ১০-২৫ সেপ্টেম্বর চীনের হাংঝু শহরে অনুষ্ঠিত হবে। কাবাডি ফেডারেশন এখন হতেই প্রস্তুতি শুরু করছে। গত তিনটি এশিয়ান গেমসে খেলে আসা চিত্রটা ভালো না। তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে যদি চিত্র বদল করা যায় তাই এই পরিকল্পনা। গত তিনটি এশিয়াডের হতাশা কাটিয়ে হাংঝু থেকে পদক জয়ের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, দীর্ঘমেয়াদি ক্যাম্পও শুরু করেছে। বিভিন্ন সার্ভিসেস ও জেলার ৫০ খেলোয়াড় নিয়ে ২০ আগস্ট থেকে আবাসিক শুরু হয়েছে কাবাডি কমপ্লেক্সে। সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জী চন্দনের অধীনে ফিটনেস ট্রেনিং চলছে। তবে ফিটনেস ট্রেনার হিসেবে আসবেন তামিলনাড়ু স্পোর্টস অ্যাসোসিশয়েনর রামেশ ভি। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়া হয়েছে পুষ্টিবিদ ডা. মোহাম্মদ রাজু আহমেদকে। বিমান চলাচল শুরু হলেই চলে আসবেন ভারতীয় কোচ সাজুরাম গয়াত। ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসের জন্য দিল্লি ও হরিয়ানায় প্রায় সোয়া কোটি টাকা ব্যয় করে ২ মাসের ক্যাম্প করা হয়েছিল নারী ও পুরুষ দলের। এবারও বিদেশে ক্যাম্প হবে। পাশাপাশি ঢাকায় একাধিক বিদেশি দল এনে ও বিদেশে গিয়ে ম্যাচ খেলা হবে— জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।