মাহবুব শরীফ
লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প নেই অনেকের কাছেই। এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে উইন্ডোজ বা ম্যাকের পাশাপাশি স্মার্টফোন বা ট্যাবে এখন এমন অনেক অ্যাপস, সফটওয়্যার বা ওয়েব ইন্টারফেস তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে লেখালেখির সব ধরনের কাজ অনেক সহজ হয়েছে। এমন কিছু টুলসের কথা তুলে ধরা হলো এখানে।
ফোকাস রাইটার
যারা লেখালেখির সময় সবটুকু মনোযোগ লেখালেখির মধ্যেই ধরে রাখতে চান, তাদের জন্য উপযোগী একটি টুলস হতে পারে ফোকাস রাইটার। লেখার সময় ফুলস্ক্রিন মোডে এতে লেখা টেক্সট ছাড়া আর কোনোকিছুর অস্তিত্ব দেখা যাবে না। তাই বলে আবার এমন ভাবার কারণ নেই যে এতে লেখা ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। টাইমার ও অ্যালার্ম সেট করা ছাড়াও এতে নিজের পছন্দমতো কাস্টমাইজ থিম তৈরি করা যায়, প্রতিদিনের টাইপিংয়ের লক্ষ্য নির্ধারণ করে তা মনিটর করা যায়, টাইপিংয়ের সাউন্ড ইফেক্ট যোগ করা যায়। অটো-সেভ, লাইভ স্ট্যাটিস্টিকস, স্পেল-চেকার, ট্রান্সলেশন প্রভৃতি অপশনও রয়েছে এতে। টিএক্সটি, আরটিএফ, ওডিটি ফরম্যাটে এখান থেকে টেক্সট সংরক্ষণ করা যায়। বিনামূল্যের এই সফটওয়্যার পাবেন লিনাক্স, উইন্ডোজ ও ম্যাকের জন্য, রয়েছে উইন্ডোজ পোর্টেবল সংস্করণ। এটি ডাউনলোড করা যাবে http://gottcode.org/focuswriter ঠিকানায়।
সিম্পলনোট
যেকোনো স্থানে যেকোনো কিছু লিখে ফেলার উপযোগী চমত্কার একটি টুলস হলো সিম্পলনোট। বিশেষ করে প্লেইন টেক্সট লেখা এবং এগুলো সিনক্রোনাইজ করার জন্য সিম্পলনোট যেকোনো প্ল্যাটফর্মেই কাজ করে থাকে। এটি সরাসরি ওয়েব ব্রাউজার থেকে যেমন ব্যবহার করা যায়, তেমনি আইফোন বা আইপ্যাড, ম্যাক এবং অ্যান্ড্রয়েডের জন্যও রয়েছে এর আলাদা সংস্করণ। তাছাড়া অ্যামাজনের কিন্ডল প্ল্যাটফর্মের জন্যও পাওয়া যাবে সিম্পলনোট। বেশকিছু নোট নেওয়ার অ্যাপ্লিকেশনের সাথে এটি সিনক্রোনাইজ করতে পারে। এর লেখা সার্চ করার সুযোগও রয়েছে, রয়েছে শেয়ারের অপশন। http://simplenote.com সাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন।
হেমিংওয়ে
লেখা সম্পাদনার জন্য চমত্কার একটি ওয়েব অ্যাপের নাম হেমিংওয়ে। এর ওয়েবসাইটে গিয়ে কোনো লেখা পেস্ট করে দিলেই এটি লেখার মধ্যেকার বিভিন্ন ধরনের ভুলগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে হাইলাইট করে দেয়। লেখার মধ্যে কঠিন কঠিন বাক্য, বিশেষণের বিশেষণ, জটিল ফ্রেজ, প্যাসিভ ভয়েস ও সাধারণ বিভিন্ন ধরনের ভুল থাকলে সরাসরি দেখিয়ে দেবে হেমিংওয়ে। ইংরেজির বাইরে অবশ্য অন্য কোনো ভাষা সমর্থন করে না এটি। হেমিংওয়ের সম্প্রতি ডেস্কটপ সংস্করণও বেরিয়েছে। www.hemingwayapp.com ঠিকানায় গিয়ে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
রেডনোটবুক
ডায়েরি বা দিনপঞ্জি ধরনের লেখালেখির জন্য রেডনোটবুক হতে পারে আদর্শ একটি পছন্দ। কোনো লেখাকে ট্যাগ করা, লেখার বিভিন্ন অংশ বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করার মতো ফরম্যাটিংয়ের কাজ, লেখার মধ্যে ইমেজ বা ওয়েবসাইটে কোনো ফাইল বা লিংক সংযোজ করা, লাইভ সার্চের সুবিধা, জিপ ফাইল আর্কাইভে ব্যাকআপ রাখা, লাইভ-সার্চ প্রভৃতি সুবিধা রয়েছে এতে। ভিন্ন ভিন্ন ধরনের লেখার জন্য রেডি বেশকিছু টেমপ্লেটও রয়েছে রেডনোটবুকে। প্রায় ৩০টি ভাষায় অনুবাদের সুবিধা একে অনন্য করে তুলেছে। এখানকার লেখাগুলোকে পিডিএফ, এইচটিএমএল বা টেক্সট ফরম্যাটে সংরক্ষণ করা যায়। বিনামূল্যের এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন উইন্ডোজ, লিনাক্স ও ম্যাকওএসএক্সে http://rednotebook.sourceforge.net ঠিকানায়।
