ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত, বিএনপিরই পায়ের তলায় মাটি নেই। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
‘আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে ২০০৯ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। এর পরের নির্বাচনগুলোতেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং কি ফলাফল হয়েছে সেটি আপনারা জানেন এবং দেখছেন, বিএনপি প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারেনি।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে পায়ের তলার মাটি সরে গেছে বিধায়ই বিএনপির ফখরুল সাহেবের কথাবার্তা ‘খালি কলসি বাজে বেশির মতো। কথা বলার মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ হয়ে গেছে।’ ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে’ বিএনপির এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কখনো লেলিয়ে দেইনি। এ সময় বরিশালের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বরিশালের বিষয়টা একান্ত স্থানীয়। সেখানে তড়িত্ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল।’ আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বরিশালের ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) বিবৃতিটা চটজলদি হয়েছে।
পরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, জাতির পিতার হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনও বক্তব্য রাখেন।
শোক : চট্টগ্রামের বৃহত্তর বাকলিয়ায় মুক্তিযুদ্ধ চলাকালীন জামাল বাহিনীর কমান্ডার জামাল আহম্মদ ওরফে ফকির জামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
