ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি আছেন ব্রা?হ্মণবাড়িয়ার বাসিন্দা সুমি আক্তার (২২)। ২১২ নম্বর ওয়ার্ডে তার বেড নম্বর ২১২। দেখভালের জন্য তার সঙ্গেই থাকছেন তিন স্বজন। শনিবার রাতে গল্পের একপর্যায়ে তিন জনকেই জুস খাওয়ায় অপরিচিত এক নারী। জুস খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তারা। এই সুযোগে তাদের মোবাইল ফোন ও টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্য ঐ নারী।
সুমির বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে। ২০ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সুমির এক আত্মীয় হাসিবুল হোসেন শুভ জানান, সুমির নানি জহুরা খাতুন, মামা আমির হোসেন ও বোন সুমনা হাসপাতালে তার সঙ্গে ছিল। রাতে এক নারী তাদের জুস খাওয়ায়। এরপর তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তাদের দুইটি মোবাইল ফোন ও ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ঐ নারী। রাতে মনে করা হয়েছিল, তারা ঘুমিয়ে আছেন। কিন্তু গতকাল সকালে ঘুম থেকে না জাগলে ডাকাডাকি করে সাড়া পাওয়া যাচ্ছিল না। জহুরা খাতুনকে চিকিত্সা দেওয়া হয়। অপর দুই জন মোটামুটি সুস্থ।
