স্থায়ীভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:৫৯

জাতীয় যুব জোটের মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

স্থায়ীভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ করার দাবি জানিয়েছে জাতীয় যুব জোট।

গতকাল রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ মাসের ছাড় নয়, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবিতে’ অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করা হয়। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহসভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থবিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত খান।

 বক্তারা সরকারি চাকরিপ্রত্যাশীদের ২১ মাসের বয়স ছাড়কে স্বাগত জানিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। উপরন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই অত্যন্ত যুক্তিসংগতভাবেই বলা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরো দুই বছর বাড়ানো উচিত। সবকিছু বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা অত্যন্ত ন্যায়সংগত দাবি। নেতৃবৃন্দ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।