ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় মো. এনামুল হক (৩৬) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডের পাশে বরংগাইল টু টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার অর্জুনা এলাকার হুমায়ন কবিরের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এনামুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
