আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন এ দেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?
ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।
সভায় প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ভার্চুয়াল বক্তব্যে বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলা একই সূত্রে গাঁথা।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ বলেন, তারেক জিয়া গংরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে সেদিন হত্যা করতে চেয়েছিল।
এর আগে ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাবেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর আওতায় দুটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ড. মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন। প্রকল্পটির চুক্তি স্বাক্ষর করে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লি. ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ।
