দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার নয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৮০৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৯ জনের। তাতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৫ দশমিক ১৬ শতাংশ, যা ১৭ জুনের পর সর্বনিম্ন। সেদিন ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৩ শতাংশ। জুলাই মাসের বেশির ভাগ সময় এই হার ৩০ শতাংশের আশপাশে ছিল।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন কোভিড রোগী শনাক্ত হলো; তাদের মধ্যে ২৫ হাজার ২৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার তার আগের ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৯৯১ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১২০ জনের। শনাক্ত রোগীর এই সংখ্যা ছিল ২২ জুলাইয়ের পর সবচেয়ে কম। আর ৩০ জুনের পর সবচেয়ে কম মৃত্যুর খবর এসেছিল শনিবার। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই বেশ খানিকটা বেড়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ২ হাজার ৮৩৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আগের দিন এ বিভাগে ২ হাজার ১৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। দেশে এখন পর্যন্ত ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে অধিদপ্তর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৪ লাখ পাঁচ হাজার ৫৫৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৩ হাজার ৯৬১টি। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৬৭ জন।
